নিজস্ব প্রতিনিধি: যশোরে মোহাম্মদ আলী (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ই জুন) দিবাগত রাতে যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত আলী বাহাদুপুরের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, আলী রাতে এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে কেসমত নওপাড়া দিঘীরপাড়ে মফজের ছেলে নবাব মেম্বর ও সিরাজ, বাহাদুরপুর গ্রামের আলতাবের ছেলে টোকন এলোপাতাড়ি গুলি করলে মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে গুলিবৃদ্ধ হয়। পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুইটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। এরপরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।