নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মনিহার এলাকায় পরিবহন শ্রমিক সমিতি অফিসের অদুরে একটি বিআরটিএ পরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ই নভেম্বর) দিবাগত রাত ১১ঃ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে যশোরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তার আগেই বাসটির বেশিরভাগ অংশ ভস্মিভূত হয়ে যায়।
শ্রমিক নেতা হারুনর রশিদ ফুলু অবরোধকারীদের ইঙ্গিত করে বলেন, হরতাল অবরোধকারী নাশতাকারী চক্র এই ঘটনা ঘটাতে পারে। তারা এই আগুন সন্ত্রাস করে ভয়াবহতার জানান দিচ্ছে। শ্রমিক ও পরিবহন সেক্টরে আগুন সন্ত্রাস করে নৈরাজ্য করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বাসে অগ্নিকাণ্ডের সংবাদে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ বেলাল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে কয়েকজন শ্রমিক নেতার সঙ্গেও কথা বলা হয়েছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্টতার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। এরপরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, বাসে আগুন দেওয়ার বিষয় এখনো কারো সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে অনুসন্ধান চালানো হচ্ছে। এরপর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।