স্টাফ রিপোর্টার : যশোরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে কাজী নজরুল ইসলাম (৬২) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। লাশ এখন জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত কাজী নজরুল ইসলাম দেয়াপাড়া গ্রামের মৃত কাজী আব্দুল গনির ছেলে।
নজরুল ইসলামের ভাইপো কাজী নাঈম জানান, সকাল সাড়ে নয়টার দিকে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে তার দুই চাচা কাজী নজরুল ইসলাম ও কাজী আব্দুর রাজ্জাকের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় চাচা আব্দুর রাজ্জাক হাতে থাকা দা দিয়ে কাজী নজরুল ইসলামের ঘাড় ও হাতে কোপ দেয়। বাড়ির লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। খুনের পর হত্যাকারী চাচা আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।
এদিকে, হাসপাতালে আনার পর চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
নিহতের স্ত্রী জাহানারা স্বামী খুনের ব্যাপারে কোতয়ালী থানায় এসে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মোর্তজা।