নিজস্ব প্রতিনিধি: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তক্ষক সাপ প্রতারণায় দায়ে দুই জন আটক হয়েছে।
শনিবার দিবাগত রাত দশটার দিকে জেলার মনিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামের রেজাউল ইসলামের বাড়ীর সামনে অভিযান চালিয়ে এ প্রতারকদের আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটককৃতরা হলেন, যশোর কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল (২৫) ও বরিশাল বিভাগের ভোলা জেলার দৌলত খাঁ উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল খালেক।
এসময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও কথিত তক্ষক নামীয় সরীসৃপ প্রাণী ২ টি জীবিত ও ১ টি মৃত প্রাণী উদ্ধার করেন।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন,বেশ কিছুদিন যাবত গোপন সংবাদ পাওয়া যাচ্ছিল যে, মনিরামপুর থানা এলাকায় একটা প্রতারক চক্র কথিত তক্ষক নামীয় সরীসৃপ বিক্রয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল করে আসছে। বিষয়টি জানার পর নজরদারি অব্যহত রাখা হয়। এক পর্যায়ে শনিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রতারকরা জেলার মনিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামের রেজাউলের বাড়ির সামনে তক্ষক সাপ বেচা কেনার জন্য অবস্থান করছে।
বিষয়টি যশোরের পুলিশ সুপারকে জানালে তিনি অভিযান চালিয়ে তাদেরকে আটকের নির্দেশ দেন। এসময় আমি গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এসআই রাজেশ কুমার দাশ, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটা চৌকস দল কে সেখানে অভিযানে পাঠায়। এক পর্যায়ে রাত দশটার দিকে গোয়েন্দা পুলিশের দলটি তাদের আটক করতে সক্ষম হয়। এসময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও কথিত তক্ষক নামীয় সরীসৃপ প্রাণী ২ টি জীবিত ও ১ টি মৃত প্রাণী উদ্ধার করেন। জীবিত প্রাণীগুলোকে বিজ্ঞ আদালতের আদেশে বিভাগীয় ফরেষ্ট অফিসারের মাধ্যমে প্রকৃতিতে অবমুক্ত কার্যক্রমের কার্যক্রম চলছে বলে তিনি জানান।