তরিকুল ইসলাম মিঠু, যশোর: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে চার কোটি টাকা মূল্যের ৫০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর নতুন হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে যশোর ৪৯ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা এ বিপুল পরিমানের স্বর্ণসহ পাচারকারীদের আটক করেন। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন, নড়াইল কালিয়া উপজেলার শরণখোলা এলাকা খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪৩) ও নড়াইল জেলার কালিয়া পারুলিয়া গ্রামের গ্রামের হারেজ সরদার ছেলে ইমরান হোসেন (৩৫)।
৫০পিস স্বর্ণ উদ্ধারের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হোসেন মোহাম্মদ তৌফিক মাহমুদ বলেন, আটককৃতরা যশোরের চিহ্নিত স্বর্ণ পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে মূল্যবান সম্পদ স্বর্ণ ভারতে পাচার করে আসছিল। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুইজন পাচারকারী যশোর-ল-১৩-৮৪১৪ ইয়ামাহা এফ জেড এসএকটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত দিকে যাচ্ছে। এ সময় বিজিবির একটি চৌকস টিম নতুনহাট বাজার এলাকায় আগে থেকেই অবস্থান নেন।মোটরসাইকেলটি নতুনহাট বাজারে পৌঁছানোর সাথে সাথে মোটরসাইকেলের গতিরোধ করে তাদের হেফাজতে নেওয়া হয়। এরপর তাদের দেহ তল্লাশি চালিয়ে ৫০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।আসামিদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস জমা দেয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।