যশোরে খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিবেদক, যশোরের ধানঘাটা নালিয়া খাল থেকে আব্দুর রহমান (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ই মে) দুপুর দেড়টার দিকে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে তার মৃত্যু দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। নিহত আব্দুর রহমান শহরের বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।

আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় রহমান। এরপর আর ফিরে আসেনি। মোবাইলের মাধ্যমে জানতে পারি আব্দুর রহমানের মৃতদেহ খালে পড়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২ টায় তিন বন্ধু মিলে নালিয়া খালে গোসল করতে নামে। গোসল শেষে দুইজন উঠে এলেও একজন ডুবে যায়। তখন বাকি দুইজন স্থানীয়দের সহযোগিতা চান। আশপাশের মানুষ খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিলো। মরদেহ উদ্ধার করে ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়। পরে পুলিশ এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *