যশোরে একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:যশোরে একাধিক মামলার আসামী ও যুবলীগের ত্রাস রেজাউল ইসলাম (৪৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।
সে ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং ওই অঞ্চলের যুবলীগের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে হত্যা সহ থানায় তিনটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির পাশেই কুপিয়ে হত্যা করে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে প্রেরণ করেছে।
সাজেয়ালী পুলিশ ফাঁড়ির এসআই মনির হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।