স্টাফ রিপোর্টার: যশোরে একদিনের ব্যবধানে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে সাব্বির (২০) নামে আরো এক যুবক খুন হয়েছে। জানা গেছে ওই যুবক একজন চা বিক্রেতা।
রোববার দুপুরে শংকরপুর বাস টার্মিনাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি কারণে এ হত্যা কাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহত সাব্বির হোসেন যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার আকবর মিয়ার ছেলে।
এর আগে ১৭ই ডিসেম্বর যশোর বকচর এলাকায় রাকিব হাসান নামে এক (ভাঙ্গারী ব্যবসায়ীর কর্মচারী) যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন। তার একদিন পেরোতে না পেরোতেই যশোর শংকরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
নিহতের স্বজনরা জানান, নিহত সাব্বির হোসেন একজন চা দোকানদার। তার যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে একটি চায়ের দোকান রয়েছে। রোববার সকালে তিনি দোকানের উদ্দেশ্যে বের হয়ে যান। দুপুর ১২টার দিকে শোনা যায় একদল দুর্বৃত্তরা চায়ের দোকানে গিয়ে সাব্বিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে গেছে। এসময় আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে আমরা হাসপাতলে গিয়ে জানতে পারি সাব্বিরের মৃত্যু হয়েছে। ডাক্তার জানিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সাথে কথা বলা হচ্ছে। কাদের সঙ্গে তাঁর শত্রুতা ছিলো। হত্যাকারী সন্ত্রাসীদের শনাক্তের পর পুলিশ তাদের বিরুদ্ধে অভিযানে নামবে বলে তিনি জানান।