মেজার সিনহা হত্যায় ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

টেকনাফ সংবাদদাতা :টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় মামলা করেছেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আসামি ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে দ্বিতীয় আসামি করে আরও ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অ্যাডভোকেট মো. মোস্তফার নেতৃত্বে এ মামলা দায়ের করা হয়।

আইনজীবী মো. মোস্তফা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মামলাটি আদালত আমলে নিয়ে টেকনাফ থানাকে এটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পাশাপাশি মামলাটি রেকর্ড করা হয়েছে কিনা তা সাত দিনের মধ্যে আদালতকে অবগত করারও আদেশ দেয়া হয়েছে। ওই মামলাটি র‌্যাব ১৫-এর কমান্ডার আজিম আহমেদকে তদন্ত করার নিদের্শ দেন আদালত।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে এসে একটি মাইক্রোবাসে করে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান তিনি। জানা গেছে, মামলার আবেদনে ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি লিয়াকত আলীর নাম রয়েছে।

এর আগে নিজস্ব প্রাইভেটকারে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় ৩১ জুলাই রাত ৯টার দিকে মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের শিকার হন।

এদিকে মেজর (অব.) সিনহা মো. রাশেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্তকাজ শুরু করেছে। সিনহা মৃত্যুর ঘটনায় তার মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, সিনহার বাড়ি যশোরের বীর হেমায়েত সড়কে। তার বাবা মুক্তিযোদ্ধা এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ৫১ বিএমএ লং কোর্সের সঙ্গে সেনাবাহিনীর কমিশন লাভ করেছিলেন সিনহা।

২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) তিনি দায়িত্ব পালন করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *