নরসিংদীর প্রতিনিধি, ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জোনায়েদ সিদ্দিকী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চার মাইক্রোবাসযাত্রী। বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোনায়েদ সিদ্দিকী পুরান ঢাকার মাওলানা তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলের ধর্মীয় বক্তা ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, গতরাতে সিলেটের একটি মাহফিল থেকে ওয়াজ শেষ করে প্রাইভেটকারযোগে ঢাকায় ফিরছিলেন জোনায়েদ সিদ্দিকী। এ সময় বিপরীত দিক থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোনায়েদ সিদ্দিকী নিহত হন। দুইজন গুরুতরসহ আহত হন আরো চার মাইক্রোবাসযাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসের এক যাত্রীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।