ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হওয়া আলামিন (১০) নামের শিশুর জবাই করা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দুুপুর ১টা ৩০ মিনিটের দিকে আড়পাড়া গ্রামের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের ৪ তলা বাড়ির পেছনে একটি কচু বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার করা হয়। সে আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।আলামিনের চাচা ফারুক হোসেন জানান, তার ভাইপো আলামিন বাড়ির পাশে ৩০ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। আজ বুধবার দুপুরে তার জবাই করা মৃতদেহ পাওয়া যায়। তিনি আরো জানান, আলামিন স্থানীয় একটি মাদ্রাসায় হাফেজী পড়াশোনা করতো।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হবার পর তার পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে তার লাশ পুলিশ একটি বাড়ির পেছন থেকে উদ্ধার করেছে। তিনি জানান, ধারণা করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।