বগুড়া প্রতিনিধি:বগুড়ায় মোজাফফর হোসেন (৬০) নামে এক অধ্যক্ষ কে মহাসড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোজাফফর হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলারসংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
জানা যায়, মোজাফফর হোসেন সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত প্রকাশ্যে মোজাফফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বগুড়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তবে এখনো পর্যন্ত কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তাছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিতভাবে থানায় কারও নাম উল্লেখ করে অভিযোগ করেননি। অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।