মনিরামপুরে রফিকুল হত্যার পাঁচ আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি : যশোরের মণিরামপুরে রফিকুল ইসলাম (৫০) হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে যশোর গোয়েন্দা (বিবি) পুলিশ পাঁচ চরমপন্থীকে অস্ত্র-গুলিসহ  গ্রেপ্তার করেছে। যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আজ শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন । প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,গতকাল শুক্রবার অভয়নগর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে এসব চরমপন্থীদের পুলিশ আটক করে। আটককৃতরা হলেন, হেলাল ভূঁইয়া (২০), মো. সেলিম (২২), হাসান আলী, সমীরণ পাঁড়ে (৫৪) ও তাপস মোড়ল (৩৮) নামে পাঁচজনকে গ্রেফতার করে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও তাদের ব্যববহৃত পাঁচটি মোবাইল ফোন সেট উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য গত ৯ জুলাই দুপুরে সন্ত্রাসীরা রফিকুলকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। নিহত রফিকুল উপজেলার মধুপুর গ্রামের আমারত বিশ্বাসের ছেলে।এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা আক্তার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় একটি মামলা দয়ের করেন। মামলাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলা গোয়েন্দা পুলিশ, কোতয়ালী, অভয়নগর ও মণিরামপুর থানা যৌথ অভিযান পরিচালনা করে অবশেষে আসামিদের আটক করেন পুলিশ।

 

যশোর গোয়েন্দা পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ  জানান,আসামিরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা চরমপন্থী সংগঠন ‘নিউ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি’র সদস্য পরিচয় দিয়ে এলাকায় ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে। নিহত রফিকও একসময় তাদের সদস্য ছিলেন। ঘটনার দিন তাকে টাকা ও মোবাইল ফোন সেট দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে ঘটনাস্থলে ডেকে এনে গুলি করে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।গ্রেফতার পাঁচজনকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্যে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সালাহউদ্দিন শিকদার, ডিবি পুলিশের ইনসপেক্টর মারুফ আহমেদসহ পুলিশ অফিসারদের অন্যান্য সদস্যবৃন্দ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *