স্টাফ রিপোর্টার: ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে যশোরের বড় বাজারে পুলিশ অভিযান চালিয়েছে।
প্রতিবছরের ন্যায় যেন আসন্ন রমজান মাসে অবৈধ মজুদদার, কালোবাজারি,অসাধূ ও অতিলোভী ব্যবসায়ীদের রুখতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন।
সোমবার দুপুরে যশোর শহরের গুরুত্বপূর্ণ বড় বাজার এলাকায় সতর্ককরণে মাঠে নেমেছে যশোরের পুলিশ।
পর্যায়ক্রমে জেলার প্রতিটি এলাকায় সকল বাজারে নিয়মিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মনিটরিং শুরু করেছে বলেও জানানো হয়েছে।
এ সময়ে তারা কাঁচাবাজার, মাংসের বাজার, মাছ বাজার, চালসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন। তারা ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট বাজার মূল্য যাচাই করেন। এসময় খুচরা ও পাইকারি বিক্রেতাদের অবৈধ ভাবে মজুদ করে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল না করতে নির্দেশনা দেন এবং একই সাথে এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহণ করা হবে বলে সতর্ক করেন।
বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন যশোর পুলিশের খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম চৌধুরী, ইন্সপেক্টর অপারেশন পলাশ বিশ্বাস, যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।