ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানো গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ই নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।’তাদের মধ্যে তিন চারজনের অবস্থা আশঙ্কজনক।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ‘কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দু’টি টিনের চালা উড়ে গেছে।’
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, স্থানীয়দের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে এক বেলুন বিক্রেতা ওই ঘরে বসবাস করতেন। বেলুন নিয়ে গ্যাস ভরা সিলিন্ডার বিস্তারিত হয়ে এ ঘটনা ঘটেছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান