নিজস্ব প্রতিবেদক: যশোরে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে মোহাম্মদ রইশুদ্দীন নামে একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহত সিপাহী মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ ভারতে রয়েছে।
সোমবার ভোর (২২শে জানুয়ারী) সাড়ে ৫টার দিকে যশোর ব্যাটালিয়নের অধিভুক্ত ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া এলাকায় তাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল।
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি আরো বলেন,ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারীরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময়ে বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারীদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যু হয়েছে। মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।