বেনাপোল কাস্টমসে আবারো কলমবিরতি

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল কাস্টম হাউসে আবারও কলমবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আমদানি-রপ্তানিসংক্রান্ত কোনো নথিপত্রে স্বাক্ষর করেননি কর্মকর্তারা। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম। এতে পণ্য খালাসে সমস্যায় পড়েন ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা।

বন্দর ব্যবহারকারী মতিয়ার রহমান বলেন, “কলমবিরতির কারণে আমাদের পণ্য খালাসে জট তৈরি হয়। যদিও পরে কর্মকর্তারা ফাইলে স্বাক্ষর করেছেন, কিন্তু ব্যাংক তো বিকেল ৪টার পর টাকা নেয় না। এতে পুরো প্রক্রিয়াই বাধাগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্যে।”

বেনাপোল কাস্টম হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ। আমরা না করলেই দলছুট হয়ে যাব। তবে দিনের সব ফাইলে বিকেলে স্বাক্ষর দেওয়া হচ্ছে। কোনো নথি পেন্ডিং থাকবে না।”

উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। অর্থ মন্ত্রণালয় ২৫ মে এক বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআর বিলুপ্ত হচ্ছে না, বরং এটি একটি স্বাধীন ও বিশেষায়িত বিভাগ হিসেবে গঠিত হবে—এ ঘোষণার পর ২৬ মে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু সম্প্রতি আবারও আন্দোলনে নেমেছে ঐক্য পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *