স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ১টি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ সুরুজ মিয়া (৩০)নামে এক যুবক আটক হয়েছে।
বুধবার দুপুরে খুলনা র্যাব-৬ এর সদস্যরা বেনাপোল গয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের গোলাম আলীর ছেলে।
বিষয়টি নিয়ে খুলনা র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোলের গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ সুরুজ মিয়াকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে এর আগে কোন মামলা আছে কিনা সে বিষয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সুরুজ মিয়াকে অস্ত্র-গুলিসহ আটক করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন,সন্ধ্যায় খুলনার র্যাব-৬ এর সদস্যরা অস্ত্র-গুলিসহ সুরুজ মিয়া নামে এক যুবককে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে এর আগে কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আগামীকাল দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।