ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজান বয়াতির বাড়িতে ঢুকে ১০ বছরের ছেলে রাফসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ হামলায় তার স্ত্রী দিলজান বেগম ওরফে রত্না গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
বুধবার (১৮ মে) বিকেল ৪টার দিকে চেয়ারম্যানের উপজেলা সদরের বাসায় এ ঘটনা ঘটে।
ঢেউখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহীদ সরদার জাগো নিউজকে বলেন, চেয়ারম্যানের গ্রামের বাড়ি চর ডুবাল গ্রামে। তিনি পরিবার নিয়ে সদরপুর উপজেলা সদরের বাসায় থাকেন। যতটুকু জেনেছি পূর্বশত্রুতার জেরে ঢেউখালী গ্রামের মো. ছানু মোল্লার ছেলে এরশাদ মোল্লা (৩৫) এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর ক্ষোভে উত্তেজিত জনতা ছানু মোল্লার বাড়িতে আগুন দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে চেয়ারম্যানের স্বজনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপরে থানায় মামলা দায়ের করা হবে। মামলা করার পর আসামিদের ধরতে পুলিশ অভিযানের নামবে বলে তিনি জানান।