প্রাইভেটকারে ছাগল চুরি, ধাওয়া খেয়ে ছাগল রেখে পালালো চোর

নিউজটি শেয়ার লাইক দিন

রংপুর প্রতিনিধি: প্রাইভেটকারে করে ৫টি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল চোরচক্র। এ সময় জনতার ধাওয়ায় গাড়ি ও ছাগল রেখে পালিয়ে যায় তারা।

বুধবার (২২ জুন) দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বানিয়াপাড়া এলাকায় একটি গাড়ি (প্রাইভেটকার) রাস্তায় থামিয়ে কয়েকটি ছাগল তুলতে দেখেন স্থানীয়রা। এলাকাবাসীর সন্দেহ হলে প্রাইভেটকারটিকে ধাওয়া করেন। গাড়িটি থামানোর জন্য একটি মোটরসাইকেল গতিরোধের চেষ্টা করলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তায় থাকা একটি ছাগলকেও চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়।

ধাওয়ার এক পর্যায়ে রংপুর নগরীর লাকিপাড়া এলাকায় প্রাইভেটকার ও ছাগল রেখে পালিয়ে যায় ভেতরে থাকা কয়েকজন। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ গিয়ে প্রাইভেটকার ও উদ্ধার পাঁচটি ছাগল থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, উদ্ধার হওয়া পাঁচটি ছাগল থানার হেফাজতে রয়েছে। গাড়ির মালিক ও ঘটনায় জড়িত সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছে। তাদের খোঁজ করে আটকের চেষ্টাও চলছে। আটকের পর তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *