প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড বহাল

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় ১০আসামির মৃত্যুদণ্ড পুনরায় বহাল রাখা হয়েছে।গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় তাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।

বুধবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি ও ১৪ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে একজনকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ওয়াশিম আখতার ওরফে তারেক, রাশেদ ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে মোশাব মোড়ল, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক।

আদালত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেহেদী হাসান ওরফে আব্দুর ওয়াদুদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। সেই সঙ্গে আনিসুল ইসলাম ও মহিবুল্লাহকে নিম্ন আদালতের দেওয়া ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। তবে ইতোমধ্যে ১৪ বছর কারাভোগ করায় হাইকোর্ট বিভাগ তাদের মুক্তি দিতে কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিপক্ষে শুনানি করে রাষ্ট্র নিয়োগকৃত আইনজীবী অমূল্য কুমার সরকার। এ ছাড়া আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. নাসির উদ্দিন ও মোহাম্মদ আহসান।

২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল বোমাটি উদ্ধার করে। ওই ঘটনায় কোটালীপাড়া থানার পুলিশ হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছিল।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *