আদালত ডেস্ক: যশোর বেনাপোল পুটখালী সীমান্তে চাঞ্চল্যকর নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিনসহ আটক হাবিব বিশ্বাস অস্ত্র মামলায় খালাস পেয়েছেন।
মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে তাকে খালাস প্রদান করেন।
অস্ত্র মামলা থেকে খালাস প্রাপ্ত হাবিব পুটখালী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি বিমল কুমার রায়।
মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ৩১ আগস্ট দুপুরে ইউপি সদস্য হাবিব বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় র্যাব। তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্যে থেকে নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিন উদ্ধার করা হয়। র্যাব দাবি করে, হাবিব মেম্বার দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন।
এ ঘটনায় র্যাব যশোরের পরিদর্শক অহিদুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন পোর্ট থানার ওসি তদন্ত আজিজুল হক হাবিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মঙ্গলবার ঘোষিত রায়ে আদালত হাবিবকে খালাস প্রদান করেছেন।
তবে হাবিব নাম্বার নাম্বার একাধিক অস্ত্র নিয়ে আটক হওয়া কয়েক মাস পরে খালাস পাওয়ায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। লোকের মুখে মুখে শোনা যাচ্ছে একাধিক অস্ত্রসহ আটক হওয়া এ জনপ্রতিনিধি কিভাবে মুক্তি পেলেন। আবার অনেকেই আদালতের দিকে বিরূপ মন্তব্য ছুঁড়ে দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে পুটখালীর একাধিক ব্যক্তি জানিয়েছেন, এ বিপুল পরিমাণ অস্ত্র গুলিসহ আটক মেম্বার তাহলে কি টাকার জোরে আদালত থেকে খালাস পেলেন? আবার অনেকে মন্তব্য করছেন টাকার জোরে কিনা হয়? আবার অনেকে জানিয়েছেন মেম্বার খালাসের পর পুটখালী এলাকা আবারো অশান্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।