নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ থেকে বৃহস্পতিবার দুপুরে নিজের মাকে যশোর মুজিব সড়ক রেলগট পঙ্গু হাসপাতালে দেখতে এসে নিখোঁজ হন মফিজুর রহমান শেখ (৬৫)।
এর একদিন পর মফিজুরের মৃতদেহটি পুলিশ উদ্ধার করে পঙ্গু হাসপাতালে লিফটের নিচে থেকে। এ ঘটনার পরপরই যশোর জেলায় ছড়িয়ে পড়ে যশোর পঙ্গু হাসপাতালের মাদক কেনাবেচা ও নানা অপকর্মের বিষয়।

শনিবার দুপুর ১২ টার দিকে হাসপাতালের লিফটের গ্রান্ড ফ্লোর থেকে মৃতদেহটির উদ্ধারের পরপরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মানুষের ভিতরে কানাঘুষা শুরু হতে থাকে। হাসপাতলে আসলে মানুষকে চিকিৎসার নামে কি করা হয়, মানুষকে সুস্থ করা হয়, নাকি সুস্থ মানুষকে আরও অসুস্থ করা হয়? নাকি অঙ্গ-প্রতঙ্গের বিকিকিনি হয় এখানে। এসব নিয়ে এলাকায় নানা ধরনের চটকদার মুখরোচক কথাও শোনা যাচ্ছে স্থানীয়দের মাঝে।
উল্লেখ্য এর আগে ২০২০ সালের পহেলা সেপ্টেম্বর বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে যশোর পঙ্গু হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক মাজহারুল ইসলাম সাগর (২৫)সহ তিনজন ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক হন। মাজহারুল ইসলাম সাগর যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার কাওসার আলীর ছেলে। এছাড়া তার সাথে আটক হয় সদর উপজেলার মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন। সে সময় তারা পুলিশকে জানিয়েছিল হাসপাতালে মালিক আব্দুর রউফের ছেলের কথা মতোই তারা চৌগাছা থেকে এ মাদকের বড় চালান যশোরে নিয়ে আসছিলো। পথিমধ্যে ঝিনাইদহের মহেশপুরে এলাকায় পুলিশ তাঁদের অ্যাম্বুলেন্সের গতিরোধ করে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের আটক করে। সেই সময় থেকেই হাসপাতালটির কার্যক্রম নিয়ে নানা বিতর্ক শুরু হয়। এবার হাসপাতলে নিজের মাকে দেখতে এসে জীবন দিতে হলো ঝিনাইদহে হাফিজুরকে। মফিজুর রহমান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মফিজুর রহমান হাসপাতালের ৭ম তলায় ৭০৩ নাম্বার কেবিনে তার বৃদ্ধ মাকে দেখে নিচে আসেন। ওই দিন বেলা ২টা গড়িয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। ফিরে না আসায় নিকট আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করে না পেয়ে পরদিন শুক্রবার (১ এপ্রিল) যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। একপর্যায়ে পুলিশ শনিবার দুপুরে হসপিটালের লিফটের আন্ডারগ্রাউন্ড থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালটি তে নারী পুরুষ মিলে প্রায় ৬০ জন কর্মী কাজ করেন। এসব কর্মীদের মধ্যে সেবিকা রয়েছে ১২ জন। যাদের অধিকাংশই অনভিজ্ঞ ও অশিক্ষিত-অর্ধশিক্ষিত। যাদের বেতন ৩ হাজার থেকে ৫০০০ টাকার মধ্যে। হাসপাতলে চাকরি করে এ আয়ে জীবন চালানো একেবারে অসম্ভব। যে কারণে হাসপাতালে অনেকে নানা অপরাধের সাথে জড়িত। এর মধ্যে মাদক ব্যবসা থেকে শুরু করে পতিতাবৃত্তির মত কাজে নিয়োজিত রয়েছে অনেকে ।
স্থানীয়রা জানান, কয়েকদিন পর পর হাসপাতালে নতুন নতুন লোকজন আসে। খুব অল্প টাকা বেতন দেয়ায় হাসপাতলে লোকজন থাকতে চায় না। যারাই বা থাকে তারা নানা অপকর্মে জড়িয়ে পড়েন। হাসপাতলে নিয়মিত বহিরাগত লোকজনের আসা-যাওয়া রয়েছে দীর্ঘদিন ধরে। হাসপাতালের অনেকেই মাদক ব্যবসায়ী ও মাদকে আসক্ত। ডাক্তার আব্দুর রউফ এসব লোকজনকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তার সুবিধার কারণে। সে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এখানে নিয়ে এসে জবাই করে। রোগীর স্বজনরা প্রতিবাদ করলে এসব মাদক ব্যবসায়ী ও রেলগেট ষষ্ঠী তলার সন্ত্রাসীরা ডাক্তার রউফের শেল্টার দিয়ে থাকে। তাছাড়া এসব মাদক ব্যবসায়ীরা ডাক্তার রউফের ছেলেকে মাদক সরবরাহ করে থাকে। যে কারণে দীর্ঘদিন ধরে অপরাধের নিরাপদ স্থান হয়ে উঠলেও নানা ভয়ে কেউ মুখ খোলে না।
নিহত হাফিজের মা হসপিটালে ভর্তি হয়েছিল ২৭ মার্চ ২০২২ ইংরেজি তারিখে। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে শিফটে নার্সের দায়িত্ব পালন করেছিলেন সেবিকা লায়লা আক্তার। সকাল সাড়ে আটটা থেকে দুইটা পর্যন্ত তিনি রোগীর দায়িত্ব পালন করেছেন। শুক্রবার বিকেল শিফটে রোগীর সেবায় নিয়োজিত ছিলেন রিমা নামে এক সেবিকা। আর বৃহস্পতিবার এ একই ফ্লোরে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন সাবিয়া নামে অপর এক সেবিকা। তবে তাদের সবার সাথে কথা বললেও তারা কিছুই জানেন না বলে জানান।
নিহতের ভাগ্নে ফরহাদ হোসেন বলেন, গত ২৭ মার্চ সকালে মফিজুর রহমানের মা আছিয়া বেগম (৯০) বাড়িতে পড়ে গিয়ে ডান পা ভেঙে যায়। তাকে নিয়ে মফিজুর রহমান যশোরের পঙ্গু হাসপাতালে ভর্তি করে ৭ তলার ৭০৩ নাম্বার কেবিনে রাখেন। গত ৩১ মার্চ দুপুর ২টার দিকে মফিজুর রহমান নিচে আসেন বিলের টাকা দিতে। ওই সময় ডাক্তার আব্দুর রউফের সাথে মফিজুর রহমানের বাকবিতন্ডা হয়। কিছুক্ষণ পর হাসপাতালের গেটে আসার পরে আর তার কোন খোঁজখবর পাওয়া যায়নি। এছাড়া তার মোবাইল ফোনটিও বন্ধ থাকে। একপর্যায়ে তারা কোতোয়ালি থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। শনিবার দুপুরের দিকে হাসপাতালের লিফটের নিচে থেকে চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আকিকুল ইসলাম মফিজুর রহমানের মৃতদেহটি উদ্ধার করে । লাশের মুখে কাপড় দেয়া ছিল। গলার নিচে ও ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার কাছে থাকা বেশ কিছু টাকা ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, শুক্রবার নিহতের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি পুলিশ আমলে নিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে শনিবার দুপুরে জানতে পারি হাসপাতালে লিফটের তলায় লাশের গন্ধ বের হচ্ছে। এ সময় ফোর্স নিয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ম্যানেজারসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে অনুসন্ধান চলছে কেন কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তাছাড়া ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।