নেপালে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দেশটির ডোটি জেলায় একটি বাড়ি ধসে ছয়জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ২টা ২৭ মিনিটের দিকে দক্ষিণ এশিয়ার এই দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে এই ভূমিকম্প ও প্রাণহানির ঘটনা ঘটে।

নেপালের ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর আগে জানিয়েছিল, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার হতে পারে। ইএমএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রতিবেশী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ ​কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর রয়টার্সের অংশীদার ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের খবরে বলা হচ্ছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার দেশ নেপালে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ২০১৫ সালের ২৫ এপ্রিল রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *