নিখোঁজের একদিন পর বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ নড়াইলে উদ্ধার 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থেকে মঙ্গলবার সকালে নিখোঁজ হন বীর মুক্তিযোদ্ধা রেজানুর রহমান জালাল (৭৪)। নিখোঁজের ১দিন পর বুধবার সকালে যশোর-নড়াইল সড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৯শে মে) সকালে নড়াইল দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ।

নিহত বীর মুক্তিযোদ্ধা রেজানুর রহমান জালাল শার্শার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের ছেলে রুমেল ইসলাম বলেন, তার বাবা শারীরিকভাবে অসুস্থ ছিলেন ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শার্শার শ্যামলাগাছী বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর তিনি রাতে আর ফেরেননি। ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বাবার লাশ নড়াইলের সড়কে পড়ে থাকার খবর পান বলে জানান তিনি।

তুলারামপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন জানান, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নড়াইল সদর হাসপাতালে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *