অভয়নগরে অলিয়ার ও বাঘারপাড়ায় বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

অন্যদিকে, অভয়নগরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।
বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ইঞ্জিনিয়ার বিজয়ী বিপুল ফারাজী পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজীব কুমার রায় পেয়েছেন ২০ হাজার ৮১৪ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা পেয়েছেন ১৫ হাজার ৬১৬ ভোট। নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

অভয়নগরে বিজয়ী চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান পেয়েছেন ৫৪ হাজার ৭১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রবিন অধিকারী ব্যাচা আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার দুইশ’ ২১ ভোট। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বর্তমান মাহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার মিনারা পারভীনের ফুটবল প্রতীক ও ডাক্তার সাফিয়া খানমের হাঁস প্রতীকের মধ্যে। শেষ পর্যন্ত ডাক্তার সাফিয়া খানম ৪২ হাজার নয়শ’ ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী ডাক্তার মিনারা পারভীন পেয়েছেন ৪১ হাজার তিনশ’ ১৭ ভোট। এই পদের অপর প্রার্থী কলস প্রতীকের লায়লা খাতুন পেয়েছেন ১৭ হাজার তিনশ’ ১৭ ভোট। অভয়নগর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাঘারপাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এনায়েত হোসেন লিটন। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল বই প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮৬২ ভোট।

এছাড়া প্রজাপতি প্রতীক নিয়ে নারী-ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার লিমা পেয়েছেন ২২ হাজার ৮১১ ভোট।
বাঘারপাড়া উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট ভোটার রয়েছে এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ১০৪ জন। কেন্দ্র ৭০টি।
বুধবার সকাল ৮টা থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়। তবে, বেলা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে। নির্বাচনের মাঠে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *