নড়াইল সংবাদদাতা: লোহাগড়া শহরের খলিশাখালি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জলিল মোল্যার (৫২) নামের এক এক নির্মাণ শ্রমিককে দুর্বৃত্তরা কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেছে ।
এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, খলিশাখালি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলিল মোল্যা সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের জহুর কাজি সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে জলিল মোল্যা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাওয়ার পথে ওই গ্রামের মাদরাসার পূর্ব পাশে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা জহুর কাজি সমর্থিত মশিয়ার, লাভলু, সোহেল, ফয়সাল তালুকদার, আমিনুর, সজীব, ইমন, আলম, আরমানসহ তাদের সহযোগী দুর্বৃত্তরা ছ্যান দা, রাম দা, চাপাতি নিয়ে জলিলের গতিপথ রোধ করে। এর পর তারা জলিলকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীর থেকে ডান হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে বিকেলে যশোরের একটি বেসরকারি পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জলিলের স্বজনরা জানিয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর পরই লোহাগড়া থানা পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার রেশমা খাতুন, রোজিনা বেগম, রুবিনা বেগম, লতিফা বেগম নামে চার নারীকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই এলাকায় বিবদমান দুই গ্রুপের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব-সংঘাতে নির্মাণ শ্রমিক আশরাফ আলী খুন হন।