চৌগাছা(যশোর) প্রতিনিধি॥ যশোরের চৌগাছায় নির্মাণাধীন ৮ তলা ভবন থেকে ইট পড়ে টিটো (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
নিহত টিটো (৪০) উপজেলার কয়ারপাড়া গ্রামের শাহাজানের ছেলে।
এঘটনায় শ্রমিকসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নির্মানাধীণ শিল্প প্রতিষ্ঠান ডিভাইন গ্রুপের বিরুদ্ধে শ্রমিক আইন লঙ্ঘনের প্রতিবাদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের স্বজনসহ শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী অন্যান্য নির্মাণ শ্রমিকরা জানান, উপজেলার ডিভাইন গ্রুপের ১০ তলা বিশিষ্ট হাসপাতালের কাজ চলছিলো। প্রতিদিনের মতো টিটো ক্রেনে করে ইট উপরে তুলছিলেন। উপরে সুরক্ষা ব্যবস্থা না থাকায় ক্রেন থেকে ইট নামানোর সময় একটি ইট টিটোর মাথার উপর পড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে নির্মাণ শ্রমিকের মৃত্যু শতশত শ্রমিক ডিভাইন হাসপাতালে ভিড় করেন। তার মৃত্যুতে স্বজনারা সহ শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন। ডিভাইন গ্রুপের নির্মাণাধীন ভবনের কাজে শ্রমিকদের নিরাপত্তা না থাকায় শ্রমিক আইন লঙ্ঘনের প্রতিবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনেছি। নির্মাণাধীন ভবনে কাজ করার কিছু সরকারি নির্দেশনা আছে। যদি কর্তৃপক্ষ তা না মানে তাহলে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে। তাছাড়া নিহতের পরিবার থানায় মামলা করলে ডিভাইন গ্রুপের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।