নিজস্ব প্রতিনিধি: যশোরের অভয়নগরে ধাক্কায় আনিসুর রহমান ওরফে আনিস কাজি (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার সাইফুল সরদার (২২) গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে। ট্রাকটি রেল ক্রসিং অতিক্রম করার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এসময়ে স্থানীয়রা ট্রাক থেকে চালক ও হেলপার কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যতাদেরকে খুলনায় নেয়ার পরামর্শ দেন ডাক্তারা। খুলনা নেওয়ার পথে ট্রাকচালক আনিসুর রহমানের মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামের তবিবুর রহমান ওরফে তবি কাজির ছেলে। আহত সাইফুল একই এলাকার রবিউল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যশোর রেলওয়ে (জিআরপি) পুলিশের এএসআই রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার বেনাপোল থেকে ছেড়ে আসে খুলনাগামী বেতনা এক্সপ্রেস নামের ট্রেন। ট্রেনটি অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় পৌঁছালে একটি খালি ট্রাক রেলক্রসিং পার হচ্ছিল। ট্রাকটি রেললাইনের মাঝ বরাবর পৌঁছালে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে একটি টিনের ঘরের ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার মারাত্মকভাবে আহত হন এবং ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।