ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, ১৭ লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রওনা হয়েছেন।

এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি এখনও পানির নিচে রয়েছে। বালুবাহী ট্রলারটি আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান ১৭ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে আসছে। মরদেহের মধ্যে নয় জন নারী ও তিন জন শিশুকে শনাক্ত করা গেছে।

তিনি আরও জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে ২০হাজার টাকা দাফনের জন্য প্রদান করা হবে এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *