ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাশিদুল ইসলাম (৪৫) নামের এক ফুলচাষির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
বিদ্যুতায়িত হয়ে ফুলচাষি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
স্থানীয় লোকজন জানান, কুলিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে রাশিদুল ইসলাম নিজের ফুলখেতে সেচ দেওয়ার জন্য বিকেলে বাড়ি থেকে মাঠে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। সন্ধ্যার পরে ফুল খেতে মোটর পাম্পের পাশে বিদ্যুতায়িত হয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আনারুল ইসলাম বলেন, রাশিদুল বিকেলে তার জারবেরা ফুল খেতে পানি দিতে মাঠে যান। সেখানে তার ক্ষেতের পাশে শালকের মোটর পাম্প থেকে নিজের ফুল খেতে সেচ দিতে মেশিন চালু করতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময়ে তার পা বিদ্যুতায়িত হয়ে পুড়ে গেছে।