স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচ কেজি বিস্ফোরকসহ দুই যুবক আটক হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার লাউজানি রেলক্রসিং এ অভিযান চালিয়ে এসব বিস্ফোরকসহ তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, খুলনা জেলার সদর উপজেলার বানিয়াখামার এলাকার আমিনুল ইসলামের ছেলে হিমেল বাবু (২৪)ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঠিকরাবাদ এলাকার আজাদ খানের ছেলে নোমান খান (২৮)।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই দুই যুবক বেনাপোল থেকে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ককটেল বোমা তৈরি করার উদ্দেশ্যে বেনাপোল থেকে এসব বিস্ফোরক নিয়ে খুলনা যাচ্ছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম,এসআই মুরাদ হোসেনর নেতৃত্বে একটি দল বিকাল সাড়ে তিনটার দিকে ঝিকরগাছার লাউজানি রেলক্রসিং এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে ১টি টিভিএস মোটরসাইকেলসহ ওই দুই যুবককে পাঁচ কেজি বিস্ফোরকসহ আটক করেন। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।