ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৪৫) ও মেহেদি হাসান মিলন (৪২) নামে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা (১৩ অক্টোবর) সাড়ে সাতটার দিকে বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালী রজণীগন্ধা কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলীর ছেলে ও মেহেদি হাসান মিলন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলো। পথে গদখালী রজণীগন্ধা কোল্ডস্টোরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।