ডেক্স নিউজ: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার (১ জুলাই) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ জুন) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাদ জোহর এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে যে ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া ও মোনাজাত হবে। এটি একটি জাতীয় দায়িত্ব ও ধর্মীয় দায়িত্বও বটে।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর (দুপুর ১টা ৩০ মিনিটে) বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।