স্টাফ রিপোর্টার, যশোর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি এনসিপি ও এর ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না রাখার কথা জানিয়ে দিয়েছেন।
সোমবার(৩০ই জুন) দিবাগত রাত দুইটা চার মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ছোট্ট স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে রাশেদ লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়ক’ পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি; এবং একই সাথে ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
গভীর রাতে তার এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে রাশেদের নিকটজনরা জানতেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান রাজনীতির ধারা তার মোটেই পছন্দ হচ্ছিল না।
আগে একটা পোস্টে তিনি লিখেছেন,
জুলাইয়ের পোষ্টার,
জুলাই মাসব্যাপী অসংখ্য পোষ্টার তৈরি করেছিলাম রাত জেগে, কারফিউয়ের দিনগুলোতে ঠিকমত ছবিও তুলে রাখতে পারিনি সেগুলোর। রাতে আঁকাইতাম, পরদিন বৃষ্টিতে ভিজে নষ্ট হইতো, পরের দিন আবার…. জ্বর মাথায় নিয়ে রাতভোর এঁকে চলা, গ্রেফতারের আতংক, বাড়িতে বিভিন্ন সংস্থার রেইড, স্থানীয় আওয়ামী নেতাদের হুমকি, টার্গেট লিস্ট, সে অনেক গল্প!!
জুলাই সারাজীবন আমার কাছে অমলিন স্মৃতি; রক্ত, লড়াই সংগ্রাম আর বিপ্লবের মাস।
পোষ্টার হাতে ছবি থাকলে সেগুলো ইনবক্স বা কমেন্টবক্সে পাঠালে কৃতজ্ঞ থাকবো। 🙏
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠার আগে যবিপ্রবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ছিলেন। আন্দোলনের শুরু থেকে তিনি যশোর জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তার সংযত আচরণ ও ধীর-স্থির সিদ্ধান্ত সব মহলের প্রশংসা কুড়ায়। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যশোরে হাজার হাজার তরুণ যোগ দিলেও সমন্বয়কের কৌশলী পদক্ষেপে এখানে তেমন রক্তপাত হয়নি। আন্দোলন চলাকালে শিল্পী রাশেদ খান ফ্যাসিবাদবিরোধী অসংখ্য পোস্টার-ফেস্টুন নিজ হাতে তৈরি করেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তার তত্ত্বাবধানে যশোর শহরের দেয়ালগুলোতে প্রচুর গ্রাফিতি আঁকা হয়।
বৈষম্য বিরোধী ও এনপিসি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে রাশেদ খানের মুঠোফোনের সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।