নিজস্ব প্রতিবেদক: এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি চৌগাছা উপজেলায়। তিনি ওই কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
চৌগাছা উপজেলার উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শাপলা (১৮) (ছদ্মনাম) এক ছাত্রীর ধর্ষণের অভিযোগ করা মামলায় গতকাল শনিবার রাত নয়টার দিকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেলে করে ওই তরুণীকে চৌগাছা শহরে নিয়ে যান আরাফাত। পরে নানা কথা বলে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য স্বজন আরাফাতের সহযোগিতা চান তরুণী। গতকাল সাপ্তাহিক ছুটির কারণে উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ ছিল। তারপরও সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে ওই তরুণীকে চৌগাছা শহরে নিয়ে যান আরাফাত। পরে নানা কথা বলে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। তরুণী বাড়ি ফিরে পুরো ঘটনা মা–বাবাকে জানান। পরে রাতে পরিবারের সদস্যদের নিয়ে চৌগাছা থানায় গিয়ে তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষণের মামলা করেন। মামলার পর রাত নয়টার দিকে পুলিশ আরাফাতকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিয়ে চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আরাফাত ছাত্রদলের কলেজ শাখার নেতা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে, সেটা মিথ্যা। ১৫ বছর ধরে তরুণীর পরিবারের সঙ্গে তাঁর পরিবারের বিরোধ চলছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ছেলেটিকে আজ রোববার আদালতে পাঠানো হবে।