স্টাফ রিপোর্টার: চাঁদপুরের নিজ ব্যবসা প্রতিষ্টানে থেকে অপহৃত যুবকের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ বেনাপোল ছোট আঁচড়া নতুন থানার পাশ থেকে উদ্ধার হয়েছে।
রোববার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ স্থানীয়দর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ওই যুবকের নাম হান্নান মৃধা(৩৫)। সে চাঁদপুর পৌর সভার মৃধা বাড়ি রোড বিষ্ণুদী এলাকার আবু হোসেন মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, বেনাপোল ছোট আঁচড়া নিউ বাইপাস রোডে নতুন থানার পাশে মাঠে কাজ করতে যান এলাকার লোকজন। এ সময় তারা দেখতে পায় গাছে একটি মৃতদেহ ঝুলে আছে। বিষয়টি সাথে সাথে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানালে পুলিশ আধাঘন্টা পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। ওই যুবককে স্থানীয়রা এর আগে কখনো এই এলাকায় দেখেনি বলে তারা জানান।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। এরপর নিহতের প্যান্টের পকেটে একটা পরিচয় পত্র পাওয়া যায়। পরিচয় পত্রের সূত্র ধরে জানা যায় ছেলেটার বাড়ি নোয়াখালীতে। এরপর নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়। গত পহেলা মার্চে নোয়াখালীতে নিজ ব্যবসা প্রতিষ্টানে থেকে হান্নান মৃধা আর বাড়িতে ফেরেনি। পরদিনই এ ঘটনায় নিহতের পরিবার চাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণ করে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিটা ময়নাতদন্তের পরই বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।