এরপর স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি ও স্কুলের সভাপতিসহ স্থানীয় নেতা নতুনমুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে তিনজন কর্মচারী নিয়োগের নামে গোপন নিলাম তুলে ৩৯ লাখ টাকা অর্থ-বাণিজ্য শুরু করেন। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিতর্কিত ও অজ্ঞ প্রার্থীদের এ বিপুল পরিমাণ টাকা দিয়ে নিয়োগ প্রদান করেন।
এর মধ্যে পরিচ্ছন্ন কর্মী পদে কামরুজ্জামান দিয়েছেন ১৪ লাখ, অফিস সহায়ক পদে আলামিন দিয়েছে ১৩ লাখ এবং আয়া পদে নার্গিস বেগম দিয়েছেন ১২ লাখ টাকা। সর্বমট ৩৯ লাখ টাকা বাণিজ্য করেছেন স্কুলের প্রধান শিক্ষক,সভাপতিসহ স্থানীয় নেতারা।
মুক্তিযোদ্ধা, জমিদাতা পরিবারের প্রার্থী, এমনকি যোগ্য কয়েকজন প্রার্থী ১৪ লাখ টাকা দিতে না পারায় তাদের নিয়োগ হয়নি। নিয়োগ বিধিমালা উপেক্ষা করে প্রাইমারি পাশ না করা এক প্রার্থীকে নিয়োগ দেওয়ায় এলাকায় তুমুল হইচই উত্তেজনা চলছে। দ্রুত এই নিয়োগ বাতিল করে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দাবি জানিয়েছেন।আবার কেউ কেউ স্কুলের অবকাঠামোগত দৈন্যদশার কথা সামনে এনে নিয়োগ বাণিজ্যের ৩৯ লাখ টাকা পকেটস্থ না করে স্কুল উন্নয়নের কাজে লাগানোর দাবি জানিয়েছেন। দ্রুত এই নিয়ম বাতিল না করলে এলাকাবাসী কঠোর আন্দোলন-প্রতিবাদের হুমকি দিয়েছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধান এ অভিযোগের সত্যতা মিলেছে।
চাকরি প্রত্যাশী একাধিক ব্যক্তি জানিয়েছে, প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি নিজেই এ বিপুল অঙ্কের টাকা আত্মসাতের মিশন বাস্তবায়ন করার লক্ষে সম্ভাব্য প্রার্থীদের পরিবারের সাথে কয়েক মাস আগে থেকেই পদের দর উঠানোর শুরু করে। একজন জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের সভাপতি আফসার উদ্দিন গাজীর নাম ভাঙ্গিয়ে এ টাকা গ্রহণ করেন। এলাকার নয়টি পরিবারের সাথে যোগাযোগ করে পৃথক ভাবে তাদের এই নিয়োগ চুক্তিও করেছিলেন মৌখিকভাবে।
এলাকার জুবায়ের হোসেন, মুন্নিআরা, বিল্লাল হোসেন, শহীদ হোসেন আলামিন, কামরুজ্জামান, নার্গিস পারভিন, নয়ন কর্মকারসহ ৯ প্রার্থীর অভিভাবক দের সাথে দেন-দরবার করে টাকা বাড়াতে মারিয়া হয়ে ওঠেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি প্রচার করেন প্রার্থী ৯ জন, নেয়া হবে তিনজন, একটি পদে ১৪ লাখ টাকার প্রার্থী পাওয়া গেছে, হয়তো তার নিয়োগই চূড়ান্ত হয়ে যাবে। এই বলেই নিয়োগের দর বাড়াতে থাকেন। এই প্রচারের কয়েকদিন পর গত ৩০ শে এপ্রিল, নিয়োগ বোর্ড বসিয়ে নিয়োগ দেওয়া হয়েছে ৩ জনকে। নিয়োগপ্রাপ্তরা হলেন অফিস সহায়ক পদে আলামিন, পরিচ্ছন্নতাকর্মী পদে কামরুজ্জামান, আয়া পদে নার্গিস পারভীন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, নিয়োগ পাওয়া পরিচ্ছন্নতাকর্মী কামরুজ্জামানের বয়স ৪৪-৪৫ বছর। তিনি প্রাথমিক শিক্ষার গণ্ডী পার হয়নি কখনো। বছর দশক ধরে তিনি বিদেশে ছিলেন। দেশে ফিরে টাকা দিয়ে সনদ কিনে জমা দিয়েছেন। অপর দুই প্রার্থী আলামিন ও নার্গিস পারভীন টাকার দৌড়ে নিয়োগ পেয়েছেন।
শনিবার (২১ মে ) সরোজমিন অনুসন্ধানে গেলে নতুন মূল গ্রামের ইন্দ্রজিৎ কুমার বলেন,প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি তার সাথে চরম বেঈমানি করেছেন। আমার ছেলে নয়ন একজন যোগ্য প্রার্থী এবং আমি ১০ লক্ষ টাকাও দিতে রাজি হয়েছি। তিনি আমার সাথে পাকা কথা দিয়ে ছিলো আমার ছেলেটিকে চাকরি দেবে বলে। কিন্তু আমার ছেলের থেকে চার লাখ টাকা বেশি অর্থাৎ ১৪ লাখ টাকা পেয়ে কামরুজ্জামান নামে অশিক্ষিত পড়ন্ত বয়সী এক ব্যক্তিকে চাকরি দিয়েছেন। এটা একেবারে অমানবিক।
দোরমুটিয়া জজ আলী জানান, এলাকার ক্ষুদ্র একটি স্কুলে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে গোপন নিলাম তুলে ১২ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত নিয়োগ বাণিজ্য করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এটা খুবই খুবই ভয়ংকর ব্যাপার। এর আগে অন্যান্য বিদ্যালয়গলোতে এমন ছোট পদে ৩ থেকে ৪ লাখ টাকায় মানুষের চাকরি হয়েছে। অথচ তিনি তার স্ত্রী মুন্নীয়ারার বেলায় ৭ লাখ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক তাকে বললেন ১০ লাখ টাকা লাগবে। কারণ এখানে অনেকের বিষয় জড়িত আছে। এই নিয়োগের টাকায় অনেককে খুশি রাখতে হবে। আমি ১০ লাখের কাছে হেরে গেছি। এজন্য আমার স্ত্রীর চাকরি টা হলো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীও শিক্ষামন্ত্রীর দৃষ্টি কামনা করছি বলে জানান এ ভুক্তভোগী।
বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জির কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা চাকরি পায়নি তারা এ ধরনের অভিযোগ করতেই পারে। তবে এসব অভিযোগ সঠিক না। আমি তো শুধু এখানে একা নই। এখানে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, স্কুলের সভাপতি আফসার উদ্দিন গাজী সহ আরো অনেকেই ছিলেন। তাদের কাছে বিষয়টি জানলে তারাও একই কথা বলবেন। তাই টাকা নেয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। যোগ্য ব্যক্তিদের রেখে অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা যারা ভালো করেছে তাদেরকে চাকরি দেয়া হয়েছে। চাকরি দেওয়া প্রার্থী কামরুজ্জামান কোন স্কুলে, কত সালে পড়েছেন তা জানতে চাইলে প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি বলেন, সে আমারই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। এ সময়ে রেজিস্টার খাতা দেখতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষেপে যান। তিনি জানান সব বিষয়ে সাংবাদিকদের দেখানো যাবে না। এটা স্কুলের একান্তই অভ্যন্তরীণ বিষয়। তাই কোন সাংবাদিকদের এ বিষয়ে আমরা কিছু জানাতে চায় না।
কেশবপুর মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা নেয়ার বিষয়ে আমরা কিছুই জানি না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাদের কিছু জানায় না প্রধান শিক্ষক ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। তারা সব ঠিকঠাক করে আমাদেরকে একদিন দাওয়াত করেন পরীক্ষা নেয়ার জন্য। আমরা শুধু সেদিন পরীক্ষা নিয়ে চলে আসি। তাই নিয়োগের ক্ষেত্রে অনিয়মের বিষয়টি প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি ভালো জানেন বলে জানান এ কর্মকর্তা।