উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নারী-শিশুসহ দগ্ধ ৩০

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের পাশেই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে, যখন কলেজের বিভিন্ন শাখায় ক্লাস চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে দাবি করেছেন কলেজের একজন কর্মকর্তা।

দুপুর আড়াইটার পর থেকেই দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী, শিশু ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, এখনো দগ্ধ রোগীরা একে একে আসছেন। আমাদের চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শাখার ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে কলেজ প্রাঙ্গণে বিমানটি ভেঙে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে এবং আগুনের কিছু অংশ আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, বিকট শব্দে শিক্ষার্থীরা ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকরা দ্রুত তাদের সরিয়ে নিতে সহায়তা করেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজেও অংশ নেওয়া হয়।

মাইলস্টোন কলেজের আরেক কর্মকর্তা মিজানুর রহমান সময় সংবাদকে জানান, বিমানটি কলেজ এরিয়ার মাঝ বরাবর পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কয়েক মিনিটের মধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানে ছিলেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি একাই প্রশিক্ষণ মিশনে ছিলেন এবং দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে মাইলস্টোন কলেজের ক্লাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় দগ্ধ সকল শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় সরকারিভাবে বহন করা হবে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *