মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৯

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ১৬৪ জন। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।

সোমবার (২১ জুলাই) বিকাল ৫টায় আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছে আট জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে ৭০ জন। সেখানে দুই জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চিকিৎসাধীন আছে আরও ১৪ জন।

কুর্মিটোলা জেনারেল হসপিটালে দুই জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সেখানে কোনও চিকিৎসাধীন নাই। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুই জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছে আরও ১১ জন। উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চিকিৎসাধীন আছে আরও ৬০ জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছে একজন।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকেই ঘটনাস্থলে ছুটে গেছেন। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকে প্রিয় মুখটির সন্ধানে এদিক-ওদিক হন্যে হয়ে ছুটছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৯৪৯-০৪৩৬৯৭।

ভয়াবহ এ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওইদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ওইদিন হতাহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *