নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) নতুন সদস্য হয়েছেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। শনিবার (২১ ডিসেম্বর) দলের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন তারা এ পদে নির্বাচিত হন। কাউন্সিলে নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন দলের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা। সঙ্গে আছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দলের কাউন্সিলরা সমস্বরে তাতে সমর্থন জানান। এদিন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সংশোধিত গঠনতন্ত্রে ৪১ থেকে বাড়িয়ে ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ করা হয়েছে।
আওয়ামী লীগের আজকের কাউন্সিল অধিবেশনে ৮১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।