নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে সাপের কামড়ে আজিম(৩) নামে ভাইয়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় হালিমা (৮) নামে তার অসুস্থ বোন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হতাহত শিশুদের মামা রমজান আলী জানান, শিশুরা চার ভাই বোন মা তানজিলা খাতুনের সাথে ভাড়া বাড়ির ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত ৪টার দিকে আজিম ও হালিমার চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। এসময় ঘরের আলো জ্বেলে একটি সাপ দেখতে পায়। সাথে সাথে দুই ভাই-বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম না থাকায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা যশোর হাসপাতালের দূরত্ব ভেবে তাদেরকে পাশে চালকিডাঙ্গা গ্রামের ওঁঝার কাছে নিয়ে গেলে আজিমের মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্ট্রার চিকিৎসক আফসার আলী বলেন, হালিমা এখনো শঙ্কামুক্ত নয়। তার চিকিৎসার জন্য ১০টি অ্যান্টিভেনম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ব্যবহার করা হবে।