স্টাফ রিপোর্টার: যশোর অভয়নগরের চাঞ্চল্যকর নুর আলী মেম্বার হত্যাকাণ্ডের প্রধান আসামী আরমান (২৮) গ্রেপ্তার হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাগেরহাট কাটাখালি মগড়া বাজার এলাকার সৈকত আলীর বাসা থেকে তাকে আটক করে যশোর র্যাব-৬ সদস্যরা। আটক আরমান অভয়নগর উপজেলার শুভরাড়া দুই নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদ মিঠুর ছেলে।
উল্লেখ্য গত ৭ মার্চ ২০২১ তারিখ রাত আটটার দিকে যশোর অভয়নগর নুর আলী মেম্বরকে অভয়নগর বাবুর হাট বাজার হতে ছেলের মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার সময় বাবুরহাট বাজার মাতৃমন্দির পিছনে গুলি করে নির্মমভাবে হত্যা করে আরমান ও তার সহযোগীরা।নুর আলী মেম্বরের মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মৃত নুর আলী মেম্বর ০৭ নং শুভরাড়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এ চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকান্ডের পর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য এলাকার সর্বস্তরের জনগন প্রতিবাদ জানিয়ে আসছিল।
এ ঘটনায় তার ছেলে মোঃ ইব্রাহিমের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনার একদিন পর নিহতের ছেলে ইব্রাহিম অভয়নগর থানায় হাজির হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শ কাতর হাওয়ায় যশোর র্যাবের পক্ষ থেকে এ হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে আসছিল। এক পর্যায়ে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মামলার প্রধান আসামি আরমানকে বাগেরহাট জেলার কাটাখালি মগড়া বাজার সৈকত আলী বাসা থেকে আটক করা হয়।
যশোর, র্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার হোসাইন বলেন,অভয়নগর নুর আলী মেম্বার হত্যাকাণ্ডের পরপরই আমরা আসামীকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকি। এক পর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে বাগেরহাট কাটাখালি এলাকায় অবস্থান করছে।শনিবার বিকাল সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে তাকে বাগেরহাট জেলার কাটাখালি মগড়া বাজার সৈকত আলী নামের একজনের বাসা থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে সে নিজে নুর আলী মেম্বার কে গুলি চালিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আরমানকে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।