অভয়নগরে অতিরিক্ত কয়লা বোঝায়, জাহাজ ডুবি

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর প্রতিনিধি: যশোরের শিল্পনগরী নওয়াপাড়া ভৈরব নদে অতিরিক্ত কয়লা বোঝায়ের কারণে ‘এমভি সুরাইয়া’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

কার্গো জাহাজটিতে কয়লার ধারণক্ষমতা ১১৬০ টন থাকলেও প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়া থেকে কার্গো জাহাজটিতে ১৩৫০ টন কয়লা বোঝাই করে দেশে নিয়ে আসা হয়। গভীর সমুদ্র থেকে নদীতে আসার পর থেকেই জাহাজটা ডুবে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছে জাহাজের একাধিক স্টাফ। জাহাজের একাধিক স্টাফ জানিয়েছে অতিরিক্ত প্রায় ২০০ টন কয়লা বোঝাই এর কারণে জাহাজটি নওয়াপাড়া ভৈরব নদীর নোঙ্গর করার পরে জাহাজটি ডুবে যায়।

শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন ইকোপার্কের সামনে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কয়লার কারণে নদের পানি দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ডুবে যাওয়া কয়লার আনুমানিক মূল্য দুই কোটি ৯৭ লাখ টাকা। ইন্দোনেশিয়া থেকে আফিল ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এই কয়লা আমদানি করে। এসব কয়লা নওয়াপাড়া নদীবন্দর এলাকায় আফিল ট্রেড ইন্টারন্যাশনাল নামে ঘাটে নামানোর কথা ছিল।

 

এমভি সুরাইয়া জাহাজের মাস্টার সোহাগ হোসেন রাজু বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্ট থেকে ১১৬০ টন কয়লা নিয়ে অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশ্যে যাত্রা করি। আনলোড পয়েন্টে জায়গা না থাকায় গত ১ মার্চ অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন ইকোপার্কের সামনে জাহাজ নোঙর করা হয়। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে জাহাজ ডুবে যায়। আমরা ১২ জন সাঁতরে জীবন রক্ষা করেছি।

তিনি আরও জানান, কাগজে কলমে ১১৬০ টন থাকলেও জাহাজে ১৩৫০ টন কয়লা ছিল। এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম জানান, আফিল ট্রেড ইন্টারন্যাশনালের নামে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হয়েছে। মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্টের মাদার ভেসেল থেকে এমভি সুরাইয়া নামের কার্গো জাহাজে ১৩৫০ টন কয়লা লোড দেওয়া হয়। গত ১ মার্চ অভয়নগরে পৌঁছালে আফিল ট্রেডের ঘাটে নোঙর করানো সম্ভব হয়নি। পরে জাহাজটি ভাটপাড়া ইকোপার্কের সামনে নোঙর করে। শনিবার ৫ মার্চ দুপুরে জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া কয়লার মূল্য আনুমানিক দুই কোটি ৯৭ লাখ টাকা। নদীর নাব্যতা কমার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, জাহাজটি সকালে আটকে যাওয়ার খবর শোনার পর পরই জাহাজটি ঘাটে নোংগর করার নির্দেশ দেওয়া হয়। জাহাজের কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে তলা ফেটে যাওয়ার কারণে জাহাজটি ডুবে গেছে। আবার অনেকে জানিয়েছেন অতিরিক্ত কয়লা বোঝাই এর কারণে জাহাজটির ডুবে যায়। তবে বিষয়টি তদন্ত চালানো হচ্ছে। এরপরই বলা যাবে কি কারণ জাহাজ ডুবে গেছে। অতিরিক্ত মালামাল বোঝায়ের বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

সকালে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে জানানো হয় নদীর মাঝামাঝি স্থানে জাহাজ আটকে গেছে। এ সময় তারা সহযোগিতা চাইলে জাহাজ পাড়ে ভেড়াতে বলা হয়। দুপুরে জানতে পারি জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই স্থানে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *