নিজস্ব প্রতিনিধি,যশোর: সারা দেশের ন্যায় যশোরেও ত্রাণের চাল নিয়ে প্রতিনিয়ত চলছে চালবাজি, আবারো যশোরে একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি ত্রাণের চাল জব্দ করে হয়েছে। মঙ্গলবার সন্ধায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনা, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল শহরের শানতলা নামক স্থানের একটি গোডাউন থেকে এ বিপুল পরিমাণের চাল জব্দ করে। পুলিশ এঘটনায় দুজনকে আটক করেছে। আটক দুইজন হলেন, বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন (২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫)। জব্দকৃত চালের বস্তায় লেখা ছিল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’।
ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, সেনা, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে ৮০ বস্তায় ভর্তি চার হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার বিকালে( ৪ই এপ্রিল) যশোর মনিরামপুর থেকে উপজেলা প্রশাসন ৫৫৫ বস্তা সরকারী ত্রানের চাল জব্দ করেন। তবে এসব চালা পাচারের সাথে জড়িত থাকার দায়ে কেউ আটক হয়নি। দু’দিন যেতে না যেতেই আবারো এ বিপুল পরিমানের সরকারী চাল জব্দ করা হলো।
বাঘারপাড়ার একাধিক সূত্র জানায়,আটক রাকিব হাসান শাওন গত উপজেলা পরিষদ নির্বাচনে বাঘারপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সামনে সে আবারো নির্বাচন করবে। সেই লক্ষ্যে চুরি করা চাল গরিবের মাঝে বিতারণ করে সাধারণ মানুষের অনুকুল্যে যাওয়ার চেষ্টা করছে।
যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘আমরা খবর পাই, করোনার কারণে কর্মহীন মানুষের জন্য বিতরণের জন্য সরকারি চাল গোপনে মজুদ করা হয়েছে- এমন খবরের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে আমরা অভিযান চালাই। সেখান থেকে চার হাজার কেজি চাল উদ্ধার ও দুইজনকে আটক করি। তারা স্বীকার করেছে, তাদের মজুদে আরো চাল আছে। সেই চাল উদ্ধারেরও চেষ্টা চলছে বলে তিনি জানান।