নিজস্ব প্রতিবেদক: যশোরে চুরির অভিযোগ স্বাধীন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০শে অক্টোবর) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে। স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এর আগে শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, স্বাধীন বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। তবে সেই স্বপ্ন পূরণের আগেই মারধরের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় ২৬টি সেলাই দিতে হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে স্বাধীনের মরদেহ যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্বাধীনের দাদি সেলিনা বেগমের দাবি, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে সেখানে লোকজন জড়ো করে সংঘবদ্ধভাবে তাঁকে মারধর করে। এতে সে গুরুতর আহত হন।
নিহতের বাবা টিপু হোসেনের অভিযোগ, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে মারধর করে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।