অভয়নগর প্রতিনিধি:: যশোরের অভয়নগর উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। ঘটনার সময় বাড়িতে তিনি একাই ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের মেয়ে পান্না বেগমের ভাষ্য অনুযায়ী, তাঁর বাবার মৃত্যুর পর মা ও খালা একই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর খালা এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে ওই রাতে বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম।
তিনি জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা খোঁজ নিতে গিয়ে শয়নকক্ষের খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পান্না বেগম আরও দাবি করেন, ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, মাকে হত্যার পর এসব মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ বাড়ির ঘরের ভেতর খাটের ওপর থেকে ওই বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় থানায় একটা মামলা রেকর্ড করা হয়েছে।