নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন ওরফে পেরেক আলামিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রগুলো জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় এবং হত্যাকান্ডের প্রাথমিক তদন্ত শুরু করেন।
নিহতের খালাতো ভাই হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আল-আমিনের ক্ষত-বিক্ষত নিথর দেহটি বাগানের ভিতরে পড়ে আছে। তবে কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, হত্যাকাণ্ডের ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের সনাক্তের কাজ চলছে। অপরাধীদের ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে বলেও তিনি জানান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মিরাজুলের কাছে হত্যাকান্ডের কোন কারণ জানা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আলামিন নিজে একজন মাদক সেবীও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় দু’টি মাদক মামলা রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হত্যা কান্ডের কারণ জানতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। হত্যা কান্ডের পাশ থেকে মোবাইল ফোন, একটি মটরসাইকেল, মরিচের গুড়া জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে হত্যাকান্ডের আগে আলামিনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়া হয় বলে তিনি জানান।