নাটোর সংবাদদাতা: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং নিকটাত্মীয় বলে জানা গেছে।
খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম, জাহিদুলের স্ত্রী শেলী বেগম, চাচাতো বোন, একই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম ও চাচাতো ভাই শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম আনু, আপন বোন প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী রওশনারা আক্তার ইতি, শাশুড়ি মেহেরপুর জেলার গাঙনী উপজেলার বেতগাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানয়ারা, শ্যালিকা গোলারদাইড় গ্রামের শুকুর আহমেদের স্ত্রী সীমা খাতুন এবং ধর্মদহ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইক্রোবাসের চালক সাহাবউদ্দিন সাবু।
নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে জাহিদুল ইসলাম স্বজনদের নিয়ে মাইক্রোবাসে নবজাতক নাতি ও পুত্রবধুকে দেখতে সিরাজগঞ্জের কড্ডায় বেয়াই বাড়িতে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের আইড়মারী ব্রিজ এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৮৬৪) মাইক্রোবাসের (ঢাকা-মেট্রো চ-১৬-৯৭৯২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও তিনজন গুরুতর আহত হন।
চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপর দু’জন মারা যান।
কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম জানান, সিরাজগঞ্জের কড্ডায় জাহিদুলের ছেলে সোহানের স্ত্রীর সিজারিয়ান অপারেশন হয়েছে। বুধবার সোহানের বাবা-মাসহ অন্যরা নবজাতক সন্তান ও তার মাকে দেখতে যাচ্ছিলেন। পথে মর্মান্তিক দুর্ঘটনায় মাইক্রোবাসের সবাই মারা গেলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মাইক্রোবাসটি সঠিক লেনে ছিল, কিন্তু ট্রাকটি রং লেনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষে এতোগুলো প্রাণহানি ঘটেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।