নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে অবৈধ লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে যশোর জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে অভিযান চালিয়েছে।
সোমবার(২১শে এপ্রিল) বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল, যশোর-ঝিনাইদহ মহাসড়কে এই অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার, ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাত গাড়িচালককে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিয়া নওশীন লুবানা।
তিনি বলেন, অভিযানে কর্মকর্তারা আন্তজেলা বাস, ট্রাকসহ বিভিন্ন দূরপাল্লার গাড়ির ফিটনেস, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন। যানবাহনে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে চালকদের সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদার, মাকামে মাহমুদা মীম, বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক তারিক হাসান বলেন, কিছুদিন যাবত ধরে যশোরে ফিটনেসবিহীন যান চলাচল করে সড়কে বিশৃঙ্খলা তৈরি করছিল। সড়কে দুর্ঘটনা এড়াতে, সড়ক নিরাপত্তা ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযুক্ত কয়েকজনকে জরিমানা করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।